চান্দিনায় অবৈধ সার বিক্রি বন্ধের দাবিতে স্মারকলিপি
কুমিল্লার চান্দিনায় অবৈধ সার বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্মারকলিপি দিয়েছেন উপজেলার বৈধ কার্ডধারী ১০৪ জন খুচরা সার ব্যবসায়ী। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপি প্রদান শেষে চান্দিনা উপজেলা কৃষি ট্রেনিং সেন্টার মিলনায়তনে বৈধ কার্ডধারী সার ব্যবসায়ীদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় হাজি আবদুর রবের সভাপতিত্বে মো. বাতেন সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন চান্দিনা বাজারের পীযূষ সাহা ও মো. মনিরুল ইসলাম সরকার, রামমোহন বাজারের মো. আবুল কালাম, বরকইট বাজারের মো. ইয়াছিন, বদরপুর বাজারের মো. সারোয়ার হোসেন, চাঁদসার বাজারের মো. কলিমুল্লাহ মাস্টার, নবাবপুর বাজারের মো. মোস্তফা, রাণীচড়া বাজারের মো. রহমান, আলীকামুড়া বাজারের মো. শাহজাহান ভূইয়া, চিলোড়া বাজারের মো. সফিউল্লাহ, বাতাঘাসী বাজারের মো. নজরুল ইসলাম, বাড়েরা বাজারের মো. আবুল বাসার।
আলোচনা সভায় বক্তারা মেহনতি কৃষক যাতে ভেজাল সার ক্রয় করে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নিন্মমানের ভেজাল সার বিক্রেতাদের অবিলম্বে গ্রেপ্তার ও সরকারের অনিবন্ধিত কোনো ব্যবসায়ী যাতে অবৈধভাবে সার বিক্রি করতে না পারে সেজন্য উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানান।

কাজী রাশেদ, চান্দিনা