হারানো ১০৬ মোবাইলফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ
রাজবাড়ী জেলা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার করা ১০৬টি হারানো মোবাইলফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ফোন হস্তান্তর করেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম (সেবা)।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ীর পাঁচটি থানায় করা বিভিন্ন সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল তথ্য-প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ফোনগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত মোবাইলফোনগুলোর মধ্যে রাজবাড়ী সদর থানা এলাকা থেকে ৪৬টি, কালুখালী থেকে ২৪টি, গোয়ালন্দঘাট থেকে ১৪টি, বালিয়াকান্দি থেকে ১৩টি এবং পাংশা মডেল থানা এলাকা থেকে ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মোবাইলফোন হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের হারানো সম্পদ ফিরিয়ে দিতে রাজবাড়ী জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে। সাইবার ক্রাইম মনিটরিং সেলের আন্তরিক প্রচেষ্টার ফলেই আজ ১০৬টি মোবাইলফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দিতে পেরেছি।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার সাধারণ মানুষকে মোবাইল ব্যবহারে আরও সতর্ক থাকার পরামর্শ দেন এবং ফোন হারানোর সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আহ্বান জানান।

মো. কবির হোসেন, রাজবাড়ী