পুলিশের বিরুদ্ধে যৌনকর্মীদের হয়রানির অভিযোগ
এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন যশোরের মাড়ুয়ারি মন্দির সংলগ্ন যৌনপল্লীর কর্মীরা।
আজ সোমবার সকালে যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে যৌনকর্মীরা অভিযোগ করেন, যশোর সদর ফাঁড়ির সাবেক টিএসআই রফিক দায়িত্বে থাকাকালে নানা অজুহাতে যৌনকর্মীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। টাকা না দিলে যৌনকর্মীদের নানাভাবে নির্যাতন করা হতো।
যৌনকর্মীরা বলেন, সম্প্রতি টিএসআই রফিক ঝিনাইদহে বদলি হন। কিন্তু সেখান থেকেই তিনি যশোরের সদর ফাঁড়ির কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। যশোরে এসে যৌনকর্মীদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করছেন। টাকা না দিলে মামলা দিয়ে হয়রানি করা হবে বলেও হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে যৌনকর্মীরা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে যৌনকর্মীদের এসব অভিযোগ সম্পর্কে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী জানান, এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। তবে যৌনকর্মীদের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।

সাইফুল ইসলাম সজল, যশোর