ঈদবাজার শেষে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী-মেয়ে নিহত
ঈদের কেনাকাটা সেরে আর বাড়ি ফেরা হলো না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইব্রাহীম হোসেনের পরিবারের। রাজশাহী মহানগরের উপকণ্ঠ খড়খড়ি বাইপাসে আজ শুক্রবার ট্রাকচাপায় নিহত হয়েছেন ইব্রাহীম, তাঁর স্ত্রী ও মেয়েশিশু। তাঁরা তিনজনই ব্যাটারিচালিত রিকশায় করে বাড়ি ফিরছিলেন। এ ঘটনায় রিকশাচালকও আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন মহানগরীর মতিহার থানাধীন কুখণ্ডী সোনারপাড়া এলাকার বাসিন্দা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের কর্মচারী ইব্রাহীম হোসেন (৪৮), তাঁর স্ত্রী ববিতা বেগম (৩৪) ও সাত বছরের মেয়ে রাইমা। আহত ব্যাটারিচালিত রিকশাচালক সিদ্দিক হোসেন (৩৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, খড়খড়ি বাজারে ঈদের কেনাকাটা শেষে ব্যাটারিচালিত রিকশায় করে স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন ইব্রাহীম হোসেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের রিকশাটি খড়খড়ি মোড় থেকে সামান্য দূরে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা সিমেন্টভর্তি একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ববিতা বেগম ও তাঁর মেয়ে রাইমা মারা যায়। গুরুতর আহত ববিতার স্বামী ইব্রাহীম হোসেন ও রিকশাচালক সিদ্দিককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ৩টার দিকে ইব্রাহীম মারা যান।
মতিহার থানার ওসি আরো জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ওই সড়কে যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে। ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৪-৯৫৪৭) আটক করে রে-কার দিয়ে রাজশাহী পুলিশ লাইনে নেওয়া হয়েছে। তবে ঘটনার পর থেকে চালক ও তাঁর সহকারী পলাতক।

শ. ম সাজু, রাজশাহী