মানিকগঞ্জে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা মেট্রো-ট ১২-৬০৫৯ নম্বরের একটি কংক্রিটবোঝাই ট্রাক দড়গ্রাম এলাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি ১৫০ সিসি মোটরসাইকেলে করে তিনজন তিল্লীরচর এলাকা থেকে দড়গ্রামের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলচালক সোনা মিয়া (২২) ছিটকে পড়ে গুরুতর আহত হন। পেছনে থাকা আলম ও কালু মিয়া (১৬) ট্রাকের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই আলম নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় কালু মিয়া ও সোনা মিয়াকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে কালু মিয়া এবং বিকেলে সোনা মিয়ার মৃত্যু হয়।
নিহতরা হলেন সাটুরিয়া উপজেলার তিল্লীরচর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আলম, একই এলাকার বিলাল হোসেনের ছেলে কালু মিয়া এবং আব্দুল হালিমের ছেলে সোনা মিয়া।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তাদের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ