সিলেটে শক্তিশালী বোমা, বিস্ফোরক উদ্ধার
সিলেটে পাঁচটি ইলেকট্রো ডেটোনেটর বোমা, আটটি পেট্রলবোমা, পাঁচটি পাওয়ার জেলসহ বেশ কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র্যাব। আজ রোববার সিলেটের লালদিঘীর পাড়ের পরিত্যক্ত একটি মার্কেটের সামনে থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
র্যাব ৯-এর সহকারী পরিচালক মাঈন উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা বিকেল ৩টার দিকে বিশেষ একটি দল নিয়ে লালদিঘীর পাড়ের পরিত্যক্ত মার্কেটে অভিযান চালান। এ সময় তাঁদের উপস্থিতি টের পেয়ে বোমা বহনকারীরা পালিয়ে যায়। এ সময় সেখান থেকে ইলেকট্রো ডেটোনেটর নামে উচ্চ ক্ষমতাসম্পন্ন পাঁচটি বোমা, আটটি পেট্রলবোমা, দুটি হাতবোমা, পাঁচটি পাওয়ার জেলসহ বেশ কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে।
র্যাব কর্মকর্তা মাঈন উদ্দিন চৌধুরী বলেন, ইলেকট্রো ডেটোনেটর ব্যবহার করে খুব দ্রুত ও ধ্বংসাত্মক বিস্ফোরণ ঘটানো হয়। তাঁদের ধারণা, বড় কোনো নাশকতার জন্য এইগুলো ব্যবহার করতে চেয়েছিল দুর্বৃত্তরা।

মারুফ আহমেদ, সিলেট