ফরিদপুরে বাস-অটোর সংঘর্ষে ৫ জন নিহত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
আজ বুধবার সকালে উপজেলা সদরের চৌরাস্তা এলাকায় ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম।
নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাঁরা হলেন উপজেলার পাঁচকুল গ্রামের আবুল হোসেন (৩৫) ও ভাঙ্গা পৌরসভার চৌধুরী কান্দা গ্রামের খাদেজা বেগম (২৫)। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি এজাজুল ইসলাম আরো জানান, সকাল ৭টার দিকে ঢাকাগামী বাস মালিগ্রামের দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরো দুজনকে মৃত ঘোষণা করেন।
দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একজনের লাশ পরিবারের লোকজন ঘটনাস্থল থেকেই বাড়ি নিয়ে গেছে।

সঞ্জিব দাস, ফরিদপুর