বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত
টাঙ্গাইলের সখিপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় জয়নাল আবেদীন (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা-সখিপুর আঞ্চলিক মহাসড়কের প্রতিমা বংকী মিনি স্টেডিয়াম সংলগ্ন মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন প্রতিমা বংকী বাজার এলাকার মৃত গুঞ্জর আলীর ছেলে।
নিহত জয়নাল আবেদীনের পরিবার জানায়, তিনি সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় চারজন বহনকারী একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে সাজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোস্তফা কামাল জানান, মাথায় আঘাত লেগে কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। ফলে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ. আর সুজন, টাঙ্গাইল (কালীহাতি-সখিপুর)