তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে বাকবিতণ্ডার যে ব্যাখ্যা দিলেন জুবায়ের
রাজধানীর পরীবাগ ফুটওভার ব্রিজের ওপর তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ও আরেক যুবকের বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওঠা নানা আলোচনার মুখে নিজের অবস্থান পরিষ্কার করে ব্যাখ্যা দিয়েছেন জুবায়ের।
মঙ্গলবার (২৮ জুলাই) দিনগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ বি জুবায়ের এ ব্যাখা দেন।
ফেসবুক পোস্টে জুবায়ের লেখেন, আমার বন্ধু সাংবাদিক সিফাতুল্লাহ তাসনিম গতকাল পরিবাগ ব্রিজের ওপরে তৃতীয় লিঙ্গের কিছু মানুষের পতিতাবৃত্তির ব্যাপারে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যায়। সাথে করে আমাকেও নিয়ে যায়। আমি যাওয়ার আগেই শাহবাগ থানাকে বিষয়টি অবহিত করে যাই এবং তাদেরকেও আসতে বলি।
পোস্টে জুবায়ের দাবি করেন, সেখানে যাওয়ার পরে সাংবাদিক বন্ধু তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা আক্রমণাত্মক হয়ে আসে এবং সিনক্রিয়েট করতে থাকে। তৃতীয় লিঙ্গের মানুষ কতটা বাজেভাবে সিনক্রিয়েট করতে পারে সবাই জানেন। তারা পাল্টা ক্যামেরা অন করে বাজে কথাবার্তা বলে আমাদের ভিডিও করতে শুরু করে। আমার সাংবাদিক বন্ধুর গায়েও হাত তুলে তারা।
ডাকসুর সমাজসেবা সম্পাদক আরও জানান, এই পর্যায়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। এবং তারা তাদের মতো করে বিষয়টির সুরাহা করে। পুরো বিষয়টি আগে থেকেই পুলিশ জানে এবং তারাও সেখানে উপস্থিত ছিল। অথচ এই সময়ের করা একটি মিথ্যা ভিডিও ছড়িয়ে আমার চরিত্রহননের হীন চেষ্টা করা হচ্ছে। আমি এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।

এনটিভি অনলাইন ডেস্ক