শোক দিবসের ব্যানার টানাতে গিয়ে আ.লীগ কর্মীর মৃত্যু
রাজশাহীতে শোক দিবসের ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রশিদ (৩৫) নামের এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর তালাইমারী এলাকায় বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে আঘাত পান। বিকেল সোয়া ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। আবদুর রশিদ নগরীর কাজলা ফুলতলা এলাকার আশরাফ আলীর ছেলে।
আবদুর রশিদের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মুক্তিযোদ্ধা নওশের আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। পরে তাঁর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ।
আওয়ামী লীগের নেতা ডাবলু সরকার জানান, আজ শুক্রবার বেলা ১১টার দিকে আবদুর রশিদ শোক দিবসের শ্রদ্ধাঞ্জলির দলীয় ব্যানার টানাতে তালাইমারী এলাকায় বিদ্যুতের পোলে ওঠেন। এ সময় পোলের বিদ্যুতের তারে তিনি অসাবধানতাবশত স্পৃষ্ট হন। এতে তিনি মাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হন। বিদ্যুতের শক ছাড়াও পোল থেকে মাটিতে পড়ে গিয়ে তিনি মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হন। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা আইসিইউতে ভর্তি করেন। বিকেল সোয়া ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।

শ. ম সাজু, রাজশাহী