সহপাঠীর লাঠির আঘাতেই প্রাণ হারাল মাদ্রাসাছাত্র
সহপাঠীর লাঠির আঘাতে প্রাণ হারাতে হলো সপ্তম শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসা ছাত্র মোহাম্মদ আলীকে (১৪)। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের সদরপুর উপজেলায়। সহপাঠী ইসরাফিলকে (১৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
নিহত মোহাম্মদ আলীর বাড়ি যশোর জেলার চৌগাছা উপজেলা ফুলসারা গ্রামে। মোহাম্মদ আলী ফুলসারা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, মোহাম্মদ আলী ও ইসরাফিল বিশ্ব জাকের মঞ্জিল ফাজিল মাদ্রাসার ছাত্র। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গতকাল শনিবার বিকেলে দুই সহপাঠীর মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে পরের দিন আজ দুপুরে ইসরাফিল মাদ্রাসার হলরুমে বাঁশের লাঠি দিয়ে মোহাম্মদ আলীর মাথায় আঘাত করলে সে মারাত্মক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বিশ্বজাকের মঞ্জিল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে দুপুর আড়াইটার দিকে মোহাম্মদ আলীর মৃত্যু হয়।
লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

সঞ্জিব দাস, ফরিদপুর