শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে যুবক আটক, গণধোলাই
নড়াইল সদর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে রবিউল শিকদার ওরফে রবি (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের একটি গ্রামে ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে রবিউলের বিরুদ্ধে। নিহতের স্বজনরা জানান, অভিযুক্ত রবিউলের ঘরের ভেতর শিশুটির মরদেহ কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় পাওয়া যায়। পরদিন মঙ্গলবার সকালে অভিযুক্ত রবিউল দত্তপাড়া এলাকায় এলে স্থানীয় লোকজন তাকে ধরে গণধোলাই দেন। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, আটক রবিউলকে থানা হাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এম. মুনীর চৌধুরী, নড়াইল