নূর হোসেনের শূন্য আসনে ভোটগ্রহণ শেষ
আলোচিত সাত খুন মামলার অন্যতম আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূর হোসেনের শূন্য আসনে উপনির্বাচনের ভোট শেষ হয়েছে। আজ রোববার সকাল ৮টা থেকে ওই ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু হয়। কোনো বিরতি ছাড়াই বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এখন ভোট গণনা চলছে।
সাত খুনের ঘটনার পর নূর হোসেন ভারতে পালিয়ে যাওয়ায় তিন মাস আগে তাঁর ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
এ আসনে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ১০৬ জন। পাঁচটি কেন্দ্রে ভোট নেওয়া হয়। নির্বাচনে প্রার্থীর সংখ্যা পাঁচজন। এদের মধ্যে ঠেলাগাড়ি প্রতীক নিয়ে আমীর হোসেন ভাণ্ডারী, লাটিম প্রতীকে আরিফুল হক, ঘুড়ি প্রতীক নিয়ে নজরুল ইসলাম, ব্যাডমিন্টন প্রতীকে আব্দুল আজীজ ও টিফিন ক্যারিয়ার প্রতীকে এ আর রাসেল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটকেন্দ্রগুলোতে ঘুরে দেখা গেছে, আমীর হোসেন ভাণ্ডারী ও আরিফুল হকের মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই চলছে। তবে শেষ পর্যন্ত কে জয়ী হচ্ছেন তা জানা যাবে নির্বাচনের ফল ঘোষণার পরই।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজন খুন হওয়ার পর নূর হোসেন ভারতে পালিয়ে যান। গত বছরের ১৪ জুন রাতে দুই সঙ্গীসহ পশ্চিমবঙ্গের বাগুইহাটি থানার ইন্দুপ্রস্থ আবাসন থেকে গ্রেপ্তার হন তিনি। এর পর থেকে ভারতের কারাগারে বন্দি রয়েছেন নূর হোসেন।

নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ