শরীর তল্লাশি করে মিলল চার কেজি সোনা
বেনাপোলে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে ৩৫টি সোনার বারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বেনাপোলের পুটখালী সীমান্তে আবদুল মোমিন (৩৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বিজিবির দাবি, চার কেজি ওজনের এই ৩৫টি সোনার বার ভারতে পাচার করা হচ্ছিল।
গ্রেপ্তার আবদুল মোমিনের বাড়ি যশোরের শার্শা উপজেলার উলাশী গ্রামের বাসিন্দা।
২১ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তারিকুল হাকিম জানান, পুটখালী সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে বলে তাঁদের কাছে খবর আসে। এর ভিত্তিতে বিজিবি সদস্যরা পুটখালী সীমান্ত অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ মোমিনকে আটক করেন। পরে তার দেহ তল্লাশী করে চার কেজি ওজনের ৩৫টি সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সোনার দাম আনুমানিক এক কোটি ৪০ লাখ টাকা বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। এই ৩৫টি সোনার বার বেনাপোল শুল্ক বিভাগের গুদামে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার মোমিনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং সোনা উদ্ধারের ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

মহসিন মিলন, বেনাপোল