গাঁজা ব্যবসার অভিযোগ, একজনের কারাদণ্ড
মানিকগঞ্জের শিবালয়ে বাবুল সরকার (৩৫) নামের এক ব্যক্তিকে গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মুশফিক এই কারাদণ্ডাদেশ প্রদান করেন।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব খান বলেন, ‘উপজেলার বড় আনুলিয়া গ্রামের বাসিন্দা বাবুল সরকার দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বাবুলকে আটক করে। এ সময় বাবুলের বাড়ি থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাবুলকে এই সাজা দেওয়া হয়।’

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ