রাজৈরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
মাদারীপুরের রাজৈর উপজেলার কামালদি এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন তিনজন। এই ঘটনায় আরো আহত কমপক্ষে ২০ জন।
আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় পাড়ে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যান জটের সৃষ্টি হয়।
রাজৈর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, বরিশাল থেকে আসা যাত্রীবাহী বিআরটিসি বাস ও বিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি ট্রাকের মুখো মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুটি পরিবহনই দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে রাজৈর হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা যায়। এ ছাড়া আরো অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। আহতদের রাজৈর ও মাদারীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এতে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
রাজৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আমজাদ হোসে জানান, নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বগুড়ার শুভ ঘোষ ও বরিশালের সাইদুর রহমান। অপর জনের পরিচয় নিশ্চত হওয়া যায়নি।

এম. আর. মুর্তজা, মাদারীপুর