ঈদে ঘরে ফেরার জন্য নৌপথে বিশেষ ব্যবস্থা থাকবে : নৌমন্ত্রী
নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরে ফেরা মানুষদের জন্য নৌপথে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। লঞ্চ, ফেরিসহ বিভিন্ন যানবাহনে যাতে নৌ দুর্ঘটনা না ঘটে, সে ব্যাপারে কঠোর নজরদারি রাখা হবে।
আজ শনিবার বিকেলে জেলার শিবচর উপজেলার উত্তর বহেড়াতলা ইউনিয়নের চরটেকেরহাট থেকে শিবচর পর্যন্ত প্রায় ১০ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ময়নাকাটা নদীর এ খননকাজ করেন নৌমন্ত্রী। এ সময় তিনি এ কথা বলেন।
১২টি গুরুত্বপূর্ণ নৌপথ খনন শীর্ষক প্রকল্পের আওতায় মাদারীপুরের শিবচরে ময়নাকাটা নদীর খননকাজের উদ্বোধন করা হয়। এ সময় সাংসদ নূর-ই আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
১১ কিলোমিটার নৌপথে প্রায় আট লাখ ঘনমিটার খনন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান। এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, শিবচর উপজেলার চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহম্মেদ, পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান উপস্থিত ছিলেন।
এ সময় নৌমন্ত্রী বলেন, নদী খননের ফলে দেশের নদ-নদীগুলোর নাব্যতা দূর হবে এবং নদীর পলি অপসারণের মাধ্যমে নতুন রাস্তাঘাট তৈরি করা সম্ভব হবে। নদীর নাব্যতা ফিরে এলে সাধারণ মানুষ কৃষিকাজে নদীর পানি সেচ হিসেবে ব্যবহার করতে পারবে। ময়নাকাটা নদীর এ নৌ-পথটি খনন করা হলে পানি সর্বনিম্ন স্তরে অর্থাৎ শুষ্ক মৌসুমে নৌপথটিতে ১২০ ফুট প্রশস্ততা ও ১০ ফুট গভীরতা বিদ্যমান থাকবে। সারা বছর আট ফুট ড্রাফটের নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর