দিনাজপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. সেলিম (৩৮) নামে মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসের যাত্রী উজ্জ্বল রায়সহ ১৩ জন আহত হয়েছে।
নিহত মাইক্রোবাসচালক সেলিম বগুড়া উপশহরের মো. মকছেদ আলীর ছেলে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বীরগঞ্জের সুজালপুর ইউনিয়নের টালিথাকুমি মিশনের সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার জানান, দুপুরে উপজেলার সুজালপুর ইউনিয়নের টালিথাকুমি মিশনের সামনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন ও বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পত্রিকাবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক নিহত হন এবং ১৩ জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে উজ্জ্বল রায় (১৭) ও বাদল (২৬) নামের দুজনের অবস্থায় আশঙ্কাজনক হওয়া উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাস আহমদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ, মাইক্রোবাস এবং বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ফারুক হোসেন, দিনাজপুর