সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
সিরাজগঞ্জের সদর ও শাহজাদপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আজ শনিবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের সদর উপজেলার সয়দাবাদ ও গতাকাল শুক্রবার রাতে ঢাকা-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার সয়দাবাদ গ্রামের জামাত আলীর ছেলে মনিরুল ইসলাম (২২), শাহজাদপুর পৌর এলাকার পারকোলা গ্রামের আবদুর রশিদের ছেলে আমিনুল ইসলাম (৩৫) ও খনজনপাড়া এলাকার ছকেন আলীর ছেলে আবদুল আলিম (৩০)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক জানান, সকালে সয়দাবাদ মোড় এলাকায় সাইকেল চালিয়ে মহাসড়ক পার হওয়ার পথে দ্রুতগামী বাস মনিরুলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সিরাজগঞ্জ হাইওয়ে থানার এসআই রাজিবুল করীম জানান, রাত ১০টার দিকে পাবনা থেকে আমিনুল ও আবদুল আলিম মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সমবায় পেট্রলপাম্পের কাছে বিকল হওয়া একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলসহ সজোরে ধাক্কা লাগে। এতে দুজন গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে রাতে আমিনুল এবং শনিবার সকালে ঢাকায় নেওয়ার পথে আবদুল আলিম মারা যান।

এ বি এম ফজলুর রহমান, পাবনা