টঙ্গীতে জঙ্গিবিরোধী অভিযান, আটক ৩
জঙ্গির খোঁজে গাজীপুরের টঙ্গী থানার গাজীপুরা এলাকার বেশ কয়েকটি বাড়িতে আজ বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়েছে পুলিশ।
এ সময় জঙ্গি সন্দেহে তা’মীরুল মিল্লাত মাদ্রাসার এক ছাত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন টঙ্গীর তা’মীরুল মিল্লাত মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র তৌহিদুল ইসলাম (১৭) এবং স্থানীয় ব্যবসায়ী আবদুল্লাহ (৩০) ও আনিসুর রহমান (৪২)।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার জানান, গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী গাজীপুরার সাতাইশ খাঁ-পাড়া রোডের আবাসিক এলাকায় বিকেলে অভিযান চালায় পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশ ও টঙ্গী থানার পুলিশ যৌথভাবে ওই অভিযান চালায়। বিকেল ৫টা থেকে প্রায় দুই ঘণ্টার অভিযানে কয়েকটি বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ জানান, জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে এটি পুলিশের রুটিন ওয়ার্ক। এর আগে বুধবার রাতেও সাতাইশ এলাকার বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। পুলিশের অভিযান এ অব্যাহত থাকবে।

নাসির আহমেদ, গাজীপুর