বেসরকারি উদ্যোগেও জনশক্তি নেবে মালয়েশিয়া
বাংলাদেশ থেকে বেসরকারি মাধ্যমে জনশক্তি নেওয়ার প্রস্তাব করেছে মালয়েশিয়া। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পূর্ণাঙ্গ প্রস্তাব হাতে পেলে ইতিবাচকভাবে তা বিবেচনা করবে সরকার। জনশক্তি বিশ্লেষকরা বলছেন, অন্যান্য দেশেও বেসরকারিভাবে জনশক্তি পাঠানোর সুযোগ হলে অবৈধভাবে বিদেশে যাওয়ার প্রবণতা কমে যাবে।
সচিব বলেন, ‘জিটুজি (সরকারি পর্যায়ে) ব্যবস্থাপনার বাইরে বিজনেস টু বিজনেস ব্যবস্থাপনায় কর্মী নেওয়ার একটা চিন্তাভাবনা তারা করছে। প্রস্তাবের ধরনটা আগে দেখতে হবে। প্রস্তাব যদি আমাদের জন্য ভালো হয়, আমাদের জাতির জন্য, দেশের জন্য ভালো হয়, নিশ্চয়ই মন্ত্রণালয় সেটা ইতিবাচক হিসেবেই দেখবে।’
জিটুজি পদ্ধতিতে মালয়েশিয়ায় লোক পাঠানোর ক্ষেত্রে আশানুরূপ সাড়া মেলেনি। এরই মধ্যে বন্ধ আছে দুবাই, সৌদি আরব, কুয়েত, কাতারের শ্রমবাজার। এ কারণেই হয়তো সাগর বা বিকল্প পথে বেড়েছে বিদেশ যাওয়ার প্রবণতা। এর পরিণতির খবরও এসেছে গণমাধ্যমে। সম্প্রতি সীমিত আকারে শুরু হয়েছে মালয়েশিয়ায় বেসরকারিভাবে লোক পাঠানোর প্রক্রিয়া।
সে সঙ্গে মানবপাচার বন্ধে অভিযান জোরদারসহ কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির তাগিদও দিয়েছেন শ্রমবাজার বিশ্লেষক ও শ্রমিক মজুরি নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা।
এ বিষয়ে জনশক্তি রপ্তানি বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কি এমন কোনো প্রণোদনা রয়েছে, যে প্রণোদনা দিয়ে জনশক্তি রপ্তানি খাতকে ত্বরান্বিত করা যেতে পারে? কোনো ট্রেনিং সেন্টার করার জন্য কি সরকারি বা বেসরকারি কোনো ব্যাংক কোনোভাবে ঋণ দেওয়ার কথা বলছে? কর্মসংস্থানের পাশাপাশি বৈধ জনসংখ্যা রপ্তানির ক্ষেত্রে আরো কূটনৈতিক তৎপরতা বের করতে হবে।’
এ ছাড়া ফেরত আসা লোকদের পাশাপাশি দক্ষ শ্রমিকদের অগ্রাধিকার দিতে হবে সরকারের মালয়েশিয়ায় লোক পাঠানোর কর্মপরিকল্পনায়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সম্পাদক ওয়াজেদ উল ইসলাম খান বলেন, ‘কী ধরনের দক্ষতা আছে বা কাজ করতে পারে, এটা নির্ণয় করে যদি আমাদের গভর্নমেন্ট তার উদ্যোগ হোক কিংবা তাদের স্বীকৃত যে প্রাইভেট কোম্পানিগুলো আছে, আদম ব্যবসায়ী যারা আছে, তাদের মাধ্যমে যদি প্রেরণ করে, তবে অবৈধভাবে যাওয়ার যে প্রবণতা এবং তার ফলে যে হুমকির সম্মুখীন হচ্ছে, বিপদের সম্মুখীন হচ্ছে, তা থেকে রেহাই পাবে।’

চয়ন রহমান