পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান
সম্প্রতি পুলিশসহ সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা ও ঊর্ধ্বতন ব্যক্তিদের নাম এবং ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থ দাবি ও তদবিরের অভিযোগে সতর্ক বার্তা জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি প্রতারক চক্র সুকৌশলে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের নামে ভুয়া আইডি তৈরি করে মেসেজ পাঠাচ্ছে। এর মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি দায়িত্বশীল সরকারি কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন ও প্রতিষ্ঠানের মর্যাদাহানি করছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের যেকোনো প্রোফাইল বা আইডিতে কোনো সরকারি কর্মকর্তার ছবি থাকলেই সেই আইডি বা মোবাইল নম্বরটি ওই ব্যক্তির বলে নিশ্চিত হওয়ার সুযোগ নেই। এ ধরনের বিভ্রান্তিকর মেসেজে (বার্তা) কোনোভাবেই সাড়া না দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, কেউ প্রতারক চক্রের কাছ থেকে এ ধরনের সন্দেহজনক বার্তা পেলে বিলম্ব না করে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে কিংবা সাইবার পুলিশ সেন্টার, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে যোগাযোগ করতে পারেন।
বাংলাদেশ পুলিশ প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ রয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের ডিজিটাল প্রতারণায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

নিজস্ব প্রতিবেদক