গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজধানীর ভাটারা এলাকায় এক গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী চুন্নু হাওলাদারকে আটক করেছে মাদারীপুরের পুলিশ।
গত বুধবার রাতে ঢাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহতের নাম লাকী আক্তার। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ এখন মাদারীপুর সদর হাসপাতালে রাখা হয়েছে।
নিহত লাকীর বাড়ি সদর উপজেলার মহিষেরচর গ্রামে। তাঁর বাবা আনিস মাতুবর বলেন, ১২ বছর আগে সদর উপজেলার খোয়াজপুর গ্রামের চুন্নুর সঙ্গে লাকীর বিয়ে হয়। প্রায়ই লাকীকে মারধর করতেন চুন্নু। গতকাল বুধবার রাতে খাবারের সঙ্গে বিষ খাইয়ে লাকীকে হত্যা করা হয় বলে দাবি বাবার।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, বৃহস্পতিবার দুপুরে লাকীর লাশ ঢাকা থেকে মাদারীপুরে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী চুন্নু হাওলাদারকে আটক করেছে সদর থানার পুলিশ।

এম. আর. মুর্তজা, মাদারীপুর