রাজশাহীর ৫০ মুক্তিযোদ্ধা পেলেন আর্থিক সহায়তা
রাজশাহীর ৫০ জন অসুস্থ মুক্তিযোদ্ধাকে আর্থিক সহযোগিতা করেছে জেলা পরিষদ। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তাদের প্রত্যেককে ছয় হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলার বিভিন্ন উপজেলার এসব মুক্তিযোদ্ধাকে সহায়তার চেক বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। জেলা পরিষদের তহবিল থেকে মুক্তিযোদ্ধাদের এই সহায়তা করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, জেলা পরিষদে যে বরাদ্দই আসুক না কেন, তা স্থানীয় সরকারের সব পর্যায়ের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে সুষ্ঠু বণ্টন করা হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মজিদ সরদার, বদরুজ্জামান রবু মিয়া, অনিল কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক এ কে এম আসাদুজ্জামান আসাদ, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এজাজুল হক মানু, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলী প্রমুখ।
অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য, বিভিন্ন পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শ. ম সাজু, রাজশাহী