সব ধর্ষকের শাস্তির দাবিতে সংহতি সমাবেশ
গারো তরুণীর ধর্ষণকারীসহ সব ধর্ষকের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ শুক্রবার বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন, চানচিয়া এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের যৌথ উদ্যোগে ওই সমাবেশ হয়।
আজ শুক্রবার বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফার পাঠানোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সৈকত মল্লিকের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানান অধ্যাপক আনু মুহাম্মদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, অধ্যাপক তানজিম উদ্দিন খান, নারী সংহতি আন্দোলনের সভাপতি শ্যামলী শীল, অধ্যাপক নাসিম আখতার হোসাইন, শিল্পী অরূপ রাহী, অমল আকাশ, ভাস্কর রাসা, চানচিয়ার সমন্বয়ক আন্তনী রেমাসহ রাজনৈতিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতারা। সমাবেশ শেষে প্রতিবাদী গান পরিবেশন করেন গানের দল মাদল।
সংহতি সমাবেশে বক্তারা বলেন, পুলিশ ধর্ষকদের গ্রেপ্তার করছে না। এতে ভয়ানক বিচারহীনতার সংস্কৃতির কবলে জনজীবন। গারো তরুণীর সব ধর্ষণকারীকে পুলিশ গ্রেপ্তার করতে পারে না কিন্তু ধর্ষকদের গ্রেপ্তার ও বিচার চাইতে এলে তাঁদের বাধা দেওয়া হয়। তাঁদের ওপর হামলা করা হয়।
নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে সব ধর্ষককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে আগামী দিনে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। সারা দেশের সব ধর্ষককে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি না দেওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন-সংগ্রাম চলতে থাকবে।

অনলাইন ডেস্ক