ফরিদপুরে ৫ ডাকাতের কারাদণ্ড
ফরিদপুরে ডাকাতির ঘটনায় পাঁচ ব্যক্তিকে আট বছরের করে কারাদণ্ড এবং চার হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। ২০০৬ সালে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর এলাকার দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
আজ রোববার দুপুরে ফরিদপুরের যুগ্ম জেলা ও দায়রা জজের প্রথম আদালতের বিচারক শেখ তারেক এজাজ এ রায় দেন।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন, শিবরামপুর এলাকার লিটন সেক (২৫), পান্নু শেখ (৩০), হেকিম শেখ (৩০), ধুলদী এলাকার মহিউদ্দিন মোল্লা(২৯) ও চকভবানীপুর এলাকার শরীফ শেখ (৩০)। মামলার অপর আসামি নকুল কর্মকারকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। এ রায় ঘোষণার সময় সব আসামি আদালতে হাজির ছিলেন। পরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহ্ মো. জাফর জানান, ৩৯৫ ধারায় পাঁচজনকে পাঁচ বছর করে কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাসের করাদণ্ড দেওয়া হয়েছে। ৩৯৩ ধারায় পাঁচজনকে তিন বছর করে কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০৬ সালের জুলাই মাসের ২১ তারিখ রাতে একদল ডাকাত একই এলাকার কানাই ভৌমিক ও বিপুল ঘোষের বাড়িতে ডাকাতি করে। এ ঘটনায় পরের দিন বিপুল ঘোষ বাদী হয়ে একটি ডাকাতি মামলা করেন। সেই মামলায় দীর্ঘ সাক্ষী ও জেরা শেষে আদালত এ রায় প্রদান করেন।

সঞ্জিব দাস, ফরিদপুর