বিএনপির সোহেলসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট
রাজধানীর মৎস্য ভবন এলাকায় বাসে পেট্রলবোমা হামলার দুই মামলায় ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলসহ সাতজনের বিরুদ্ধে আভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে গোয়েন্দা পুলিশ।
এ ছাড়া ওই ঘটনায় এম কে আনোয়ার, রুহুল কবির রিজভী, আবদুল আওয়াল মিন্টুসহ ৩১ বিএনপি নেতা-কর্মীকে মামলা থেকে অব্যাহতি দিতে আদালতে আবেদন করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ সোমবার বিকেলে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) দীপক কুমার দাশ ঢাকার মুখ্য মহানগর হাকিম আমিনুল হকের আদালতে এই অভিযোগপত্র জমা দেন।
এ বছরের ১৭ জানুয়ারি মৎস্য ভবন এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী একটি বাসে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটে। এতে মোট ১৩ জন পুলিশ সদস্য আহত হন। এদের মধ্যে রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল শামীম মিয়া ১৯ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৫ ফেব্রুয়ারি মারা যান।
বোমা হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করার প্রায় চার মাস আজ আদালতে অভিযোগপত্র জমা দিল গোয়েন্দা পুলিশ।
আগামী ২২ জুন এই অভিযোগপত্রের শুনানির দিন ধার্য করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক