স্বামীর কবরের পাশে সমাহিত জাহানারা জামান
শোক আর শ্রদ্ধায় রাজশাহীতে স্বামীর কবরের পাশে সমাহিত হলেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সহধর্মিণী জাহানারা জামান।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে নগরীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা ছাড়াও সর্বস্তরের মানুষের ঢল নামে। জানাজা শেষে নগরীর কাদিরগঞ্জ পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে জাহানারা জামানকে দাফন করা হয়।
জানাজায় কামারুজ্জামানের বড় ছেলে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও আত্মীয়স্বজন ছাড়াও অংশ নেন পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নাদিম মোস্তফা, মহানগর বিএনপির সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহসভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, রাজশাহী চেম্বারের সভাপতি মনিরুজ্জামান মনি।
জানাজা ও দাফনের আগে জাহানারা জামানের লাশ শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর স্বামী শহীদ এ এইচ এম কামারুজ্জামানের কবর প্রাঙ্গণে রাখা হয়। সেখানে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এর আগে রাজশাহী শাহ মখদুম বিমান বন্দরে আজ বেলা ১১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে জাহানারা জামানের লাশ ঢাকা থেকে আনা হয়।
৮৪ বছর বয়সে গত রোববার রাতে ঢাকার গুলশানে নিজ বাসায় মারা যান জাহানারা জামান। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তাঁর স্বামী এ এইচ এম কামারুজ্জামান বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, মুজিবনগর সরকারের মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে কয়েকজন বিপথগামী সেনা কর্মকর্তার হাতে অপর জাতীয় তিন নেতার সঙ্গে তিনিও শহীদ হন।

শ. ম সাজু, রাজশাহী