নগরকান্দায় সংখ্যালঘুর জমি দখলের চেষ্টার অভিযোগ
ফরিদপুরের নগরকান্দা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গংজগদিয়া গ্রামের পাঁচ শতাংশ জমি দখলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, ওই এলাকার মাঝি সম্প্রদায়ের পঙ্কজ সাহা ১৯৯২-৯৩ সালে সরকারের কাছ থেকে ওই জমি কবুলত দলিলের মাধ্যমে মালিকানা নিয়ে ভোগ দখল করে আসছেন।
পঙ্কজ সাহা অভিযোগ করেন, সম্প্রতি ওই জমির ওপর নজর পড়ে স্থানীয় প্রতিবেশী প্রভাবশালী জালাল উদ্দিনের। তিনি এরই মধ্যে প্রভাব খাটিয়ে ওই জমির বন্দোবস্ত বাতিল করান। গত রোববার রাতে জালাল উদ্দিন ২৫-৩০ জন লোক নিয়ে ওই জমি দখলের চেষ্টা চালান। এ সময় পুলিশ এসে দখল চেষ্টাকারীদের বাধা দিলে তাঁরা চলে যান।
পঙ্কজ জানান, পুলিশ চলে যাওয়ার পর তাঁকে ও পরিবারের সদস্যদের মারধর করা হয়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম নাসিম জানান, দখলের চেষ্টার খবর পেয়ে দখল চেষ্টাকারীদের বাধা দেওয়া হয়।
নগরকান্দা পৌরসভার প্যানেল মেয়র নিমাই চন্দ্র সরকার জানান, ১৪-১৫ বছর ধরেই ওই জমি পঙ্কজ ও তাঁর পরিবারের সদস্যদের দখলে রয়েছে। প্রতিবেশী জালাল উদ্দিন কাস্টমসে কর্মরত থাকার সুবাদে অঢেল টাকার মালিক হওয়ায় প্রভাব খাটিয়ে ওই জমি জবরদখলের চেষ্টা চালাচ্ছেন।
নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবদুল আজিজ জানান, ওই ভূমির বন্দোবস্ত বাতিল করা হলেও বর্তমান ভোগ দখলদারদের সরিয়ে কারো দখলে যাওয়ার বৈধতা নেই।
এ বিষয়ে জালাল উদ্দিন বলে, ‘আমি বা আমার পক্ষ থেকে কেউ জমি দখল করতে যাইনি। এমনকি মারধরের কোনো ঘটনাও ঘটেনি। অভিযোগকারীরাই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। ওই জমির ইজারা বাতিল হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই ওই জমি এখন সরকারের। সরকারের পক্ষ থেকে পরবর্তীতে ইজারা দেওয়া হলে বন্দোবস্ত গ্রহণকারী নিয়মতান্ত্রিকভাবেই ওই জমি দখলে যাবে। জবরদখলের কোনো সুযোগ নেই।’

সঞ্জিব দাস, ফরিদপুর