স্ত্রীকে হত্যা, হাসপাতালে লাশ ফেলে পালালেন স্বামী
ফরিদপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর হাসপাতালে লাশ ফেলে স্বামী পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহতের নাম লাবনী আক্তার (৩০)। তাঁর স্বামীর নাম সাজ্জাদ হোসেন। তাঁদের বাড়ি ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরে। তাদের দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সিরাজুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যার পরে মৃত অবস্থায় লাবণীকে তাঁর স্বামী ও স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। মৃত ঘোষণার পরপরই স্বামী পরিচয়দানকারী যুবক ও এক নারী হাসপাতালে লাশ ফেলে পালিয়ে যায়।
চিকিৎসক আরো জানান, নিহত লাবণীর পেটে ছুরির আঘাত রয়েছে। তাঁর নাড়ী বের হয়ে এসেছে। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের পরিবারের দাবি, স্বামী সাজ্জাদ হোসেন দ্বিতীয় বিয়ে করার অনুমতি না পাওয়ায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
নিহত লাবণীর মামি আফরোজা বেগম জানান, সাজ্জাদ বিয়ের পর থেকেই লাবণীকে নির্যাতন করতেন। ইদানীং দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা পোষণ করে নির্যাতনের মাত্রাও বাড়িয়ে দিয়েছিল।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আহমেদ বলেন, খবর পাওয়ার পর থেকেই পুলিশের একাধিক দল নিহতের স্বামীকে আটকের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।

সঞ্জিব দাস, ফরিদপুর