হবিগঞ্জে বাসচাপায় আদালতের নৈশপ্রহরী নিহত
হবিগঞ্জের ধুলিয়াখাল এলাকায় বাসের চাপায় সাইফুল ইসলাম দুর্জয় নামের মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুর্জয় হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা। তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নৈশপ্রহরীর কাজ করতেন।
নিহত দুর্জয়ের পারিবারিক সূত্রে জানা যায়, দুর্জয় আজ দুপুরে মোটরসাইকেলে কর্মস্থল থেকে নিজ গ্রাম সৈয়দপুরে যাচ্ছিলেন। পথে ধুলিয়াখাল বাইপাস সড়কের মোড়ে পৌঁছালে সিলেট থেকে হবিগঞ্জগামী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
আহত দুর্জয়কে উদ্ধার করে দ্রুত জেলা সদর আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুক আলী জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। সেইসঙ্গে লাশের ছুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।

হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ