সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ইমোতে ছড়ালেন তিনি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ম্যাসেজিং অ্যাপ ইমোতে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে ওই যুবককে শ্রীনগর থানা পুলিশ গ্রেপ্তার করে।
পুলিশ ও এজাহারে বর্ণনায় জানা গেছে, শ্রীনগর উপজেলার বাড়ৈখালী গ্রামের এক নারীর সঙ্গে ২০১২ সালের ১৪ এপ্রিল পারিবারিকভাবে ওই ব্যক্তির বিয়ে হয়। বিয়ের পর থেকে বনিবনা না হওয়ায় ওই নারী তাঁকে ২০১৯ সালের ২৪ জুন তালাক দেন। এ কারণে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি প্রায়ই তাঁর সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন।
এরপর তিনি গত ২৬ সেপ্টেম্বর ইমো আইডি থেকে ওই নারীর কর্মক্ষেত্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে সংসার চলাকালীন ওঠানো আপত্তিকর ছবি পাঠায়।
বিষয়টি জানতে পেরে গতকাল মঙ্গলবার ওই নারী শ্রীনগর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে শ্রীনগর থানায় মামলা করেন। মামলা রেকর্ড করে শ্রীনগর থানা পুলিশ ওই ব্যক্তিকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম জানান, পুলিশ তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আসামিকে গ্রেপ্তার করেছে। আলামত হিসেবে আসামির ব্যবহৃত মোবাইল ফোন এবং মোবাইল ফোন থেকে আপত্তিকর ছবি উদ্ধার করা হয়। আসামিকে গতকালই আদালতে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ