গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, রঙমিস্ত্রি গ্রেপ্তার
গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল শেখ (৩৫) নামে এক রঙমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার রবিউল শেখ সাফলীডাঙ্গা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি তিন সন্তানের বাবা এবং পেশায় রঙমিস্ত্রি বলে জানা গেছে। কাশিয়ানী থানার রামদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোল্লা আফজাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ওই মাদ্রাসাছাত্রী তার দাদার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে সানোয়ার শিকদারের বাড়ির পাশে নির্জন স্থানে পৌঁছালে রবিউল তাকে জাপ্টে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় সানোয়ার শিকদারের স্ত্রী সাহেরা বেগম ঘটনাটি দেখে ফেললে এবং চিৎকার করলে রবিউল দ্রুত দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রবিউলকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

মাসুদ পারভেজ, গোপালগঞ্জ