শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিসহ সব নৌযান চলাচল শুরু হয়েছে। ছবি : এনটিভি
পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিসহ সব নৌযান চলাচল শুরু হয়েছে। আজ সোমবার সকাল পৌণে ১০টার দিকে শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে যায় দিনের প্রথম ফেরি ‘ফেরি কাকলি’।
এর আগে ঘন কুয়াশার কারণে গতকাল রোববার দিবাগত রাত দেড়টা থেকে এ নৌরুটে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ ছিল। এতে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে পড়ে কয়েক শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আহমেদ আলী জানান, কুয়াশা কেটে যাওয়ায় আজ সকাল পৌণে ১০টার দিকে কিছু সংখ্যক যানবাহন নিয়ে বাংলাবাজারের উদ্দেশে ছেড়ে গেছে ‘ফেরি কাকলি’। মাঝ নদীতে আটকে পড়া ফেরিগুলো শিমুলিয়া ও বাংলাবাজার ঘাটের অভিমুখে ছেড়ে গেছে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ