শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু
দক্ষিণবঙ্গের ২৩ জেলার একমাত্র প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ী নৌরুটে গতকাল রাত থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।
গত সোমবার বিকেল থেকে করোনার দুর্যোগ ও ঘূর্ণিঝড় আম্পানের কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আজ শুক্রবার সকাল থেকে ঘাট এলাকায় ছোট ছোট পরিবহন ফেরি পারপার হতে দেখা গেছে। তবে ঘাট এলাকায় কোনো যাত্রীবাহী পরিবহন নেই। ঢাকা থেকে আসা যাত্রীরা অনেক দূর থেকে হেঁটে ঘাটে পৌঁছাচ্ছে। লঞ্চ এবং সি বোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতেই পাড়ি দিচ্ছেন পদ্মা নদী।
পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) জিহাদুল কবির বলেন, ‘যাত্রীদের সামাজিক দূরত্ব এবং শৃঙ্খলা বজায় রেখে যাত্রী পারাপার করছি। বর্তমানে ঘাট এলাকায় গাড়ি কিংবা যাত্রীদের কোনো চাপ নেই।’

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ