মেঘনায় বাল্কহেড ডুবে নিখোঁজ ১
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইসমানীচর এলাকায় মেঘনা নদীতে পাঁচ আরোহী নিয়ে একটি বালুবোঝাই বাল্কহেড ডুবে গেছে। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এর মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা গেলেও জাহান শরীফ (৫০) নামের একজন নিখোঁজ রয়েছেন।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন বাল্কহেডের মালিক দুখু মিয়া (৪৫), আক্তার হোসেন (২৮), জনি (২৬) ও হুমায়ুন (৩১)। তাঁদের মধ্যে দুখু মিয়ার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায়। নিখোঁজ জাহান শরীফসহ অপর তিনজন বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার বাসিন্দা।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সোমবার ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ এলাকা থেকে বালুবোঝাই বাল্কহেড নিয়ে ওই পাঁচজন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ষোলআনী গ্রামে যাচ্ছিলেন। এর মধ্যে সকাল সাড়ে ৭টার দিকে বাল্কহেডটি ইসমানীচর এলাকায় পৌঁছালে ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এ সময় বাল্কহেডের মালিকসহ পাঁচ আরোহীর মধ্যে চারজনকে উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ হন।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে গজারিয়া কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শ্রমিক ও বাল্কহেডের কোনো সন্ধান পাওয়া যায়নি।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির খান জানান, বাল্কহেডডুবির ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারে চেষ্টা করছে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ি।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ