মুন্সীগঞ্জে সালিশে ৩ খুন, ৬ আসামির রিমান্ড মঞ্জুর
মুন্সীগঞ্জে সালিশে সংঘর্ষ ও তিন খুনের ঘটনায় গ্রেপ্তারকৃত ছয় আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে পাঁচজনকে পাঁচ দিনের ও একজনকে তিন দিনের রিমান্ড দেওয়া হয়।
রোববার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ আমলী আদালত-১-এর বিচারক ও অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজি কামরুল ইসলাম এই আদেশ দেন।
গ্রেপ্তারকৃত ছয়জন আসামির মধ্যে হোসেন (৫২), মো. জাহাঙ্গীর হোসেন (৫০), মো. রনি (৩২), মো. ইমরান হোসেন (২০) ও রাহুল প্রধানের (২২) পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। অপর আসামি নাসরিন বেগমের (৪০) তিন দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়।
এ ব্যাপারে আদালত পুলিশের পরিদর্শক জামালউদ্দিন জানান, তিনজনকে হত্যার ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে ২৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তারকৃত ছয় আসামিকে ১০ দিন করে রিমান্ড চায় পুলিশ। আজ রিমান্ড শুনানি শেষে আদালত পাঁচ আসামিকে পাঁচদিন করে এবং অপর এক নারী আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুরে গত ২৪ মার্চ রাত সাড়ে ১১টার দিকে ইভটিজিং বিষয়ে সালিশে ইমন ও সৌরভ পক্ষের সংঘর্ষ হয়। এতে সৌরভ পক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মো. ইমন হোসেন (২২) ও হাসপাতালে নেওয়ার পথে মো. সাকিব হোসেন (১৯) নামের দুই তরুণের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মিন্টু প্রধানকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহত মিন্টুর স্ত্রী খালেদা আক্তার ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ