মানিকগঞ্জে ইলিশ শিকার, ৭ জনের জেল-জরিমানা
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সাতজনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার যমুনা নদীর তীরবর্তী এলাকাগুলোতে এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ জানান, প্রচণ্ড বৃষ্টি, বাতাস ও যমুনার ঢেউ উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে এই অভিযান চালানো হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে তাৎক্ষণিক চারজনকে এক বছর করে কারাদণ্ড ও অপর তিনজনকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, অভিযানকালে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দ করা পাঁচ-ছয় কেজি মা ইলিশ স্থানীয় আবাসিক মহিলা মাদ্রাসায় বিতরণ করা হয়। অভিযানে মৎস্য অধিদপ্তর, থানা পুলিশ, আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ