বসিলার আবাসিকে জুতার কারখানায় আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
সীতাকুণ্ড ট্রাজেডির মধ্যেই ঘটে গেল পাবনা, এরপর গত রাতে রাজধানীর বসিলায় অগ্নিকাণ্ড। বসিলার সিটি ডেভেলপমেন্ট হাউজিং আবাসিক এলাকায় একটি জুতা তৈরির কারখানায় সোমবার এই আগুনের সূত্রপাত হয়। সীতাকুণ্ডে পরিবেশ অধিদপ্তরকে না জানিয়েই নাকি চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে রাখা হয়েছিল হাইড্রোজেন পার অক্সাইড। আর বসিলার আবাসিক এলাকায় জুতার কারখানা কীভাবে করা হলো, তা নিয়ে রীতিমত অবাক এলাকাবাসী। যদিও এখন সে আগুন নিয়ন্ত্রণে। তবে, এলাকাজুড়ে আছে পোড়া চামড়ার ঝাঁঝাল গন্ধ।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে বসিলার সিটি ডেভেলপমেন্ট হাউজিং আবাসিক এলাকার ১০ নম্বর রোডের ওই জুতা তৈরির কারখানায় আগুন লাগে। পরে রাত পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সেই আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. ফরহাদ জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে রাত পৌনে ১২টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।
এদিকে, আবাসিক এলাকায় জুতার কারখানা কীভাবে রয়েছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁরা জানান, চামড়া জাতীয় পণ্য যখন পুড়ছিল, তখন এলাকাজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এ ছাড়া আগুন নির্বাপনে ফায়ার সার্ভিসের কর্মকাণ্ডের সময় ধোঁয়ার কালো কুণ্ডলি দেখা যাচ্ছিল।

এনটিভি অনলাইন ডেস্ক