বগুড়ায় গোলাগুলিতে ‘তালিকাভুক্ত সন্ত্রাসী’ নিহত
বগুড়ায় গুলিবিদ্ধ হয়ে হত্যা, মাদকসহ সাত মামলায় তালিকাভুক্ত এক সন্ত্রাসী নিহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ। নিহত আল আমিন শেখ রাব্বী (৩৭) শহরের সুলতানগঞ্জপাড়ার (ঘোনপাড়া) খালেকুজ্জামান হেলালের ছেলে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বগুড়া শহরের নুরানী মোড়সংলগ্ন নিশিন্দারা চকোরপাড়া জাহিদ মেটালের বাগানে এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্যমতে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দুদল সন্ত্রাসীর মধ্যে গুলিবিনিময়ের খবর পেয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ইউক্যালিপটাস বাগানের মধ্যে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড তাজা গুলি এবং তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, নিহত রাব্বী পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিল। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা এবং বিশেষ ক্ষমতা আইনে মোট সাতটি মামলা রয়েছে।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)