নেত্রকোনায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নারীসহ নিহত ৩
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বালুভর্তি ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উথড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।
নিহতরা হলেন দুর্গাপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের দুলেনা খাতুন (৪৮), ইন্দ্রপুর গ্রামের নুর মিয়া (৪০) ও শিমুলতলী গ্রামের আবদুল কদ্দুস (৩৬)।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার উথড়াই এলাকা বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ব্যাটারিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক নারী যাত্রীসহ তিনজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ওই তিনজনের মারা যান।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আইয়ুব আলী, ময়মনসিংহ