জাটকাসহ বরিশালে ১৫ জন আটক
বরিশাল নগরীর সোনালী আইসক্রিমের মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০ মণ জাটকাসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত নগরের ওই এলাকায় অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ ও অভিযুক্তদের আটক করা হয়।
অভিযানে আটককৃতরা হলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ভাষানচর এলাকার মো. রাসেল (২২), উত্তর জাঙ্গালিয়ার চরশেফালী এলাকার মো. রিয়াজ বেপারী (২৮), মো. কাওছার হাওলাদার (১৫), বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ ইউনিয়নের হবিনগর এলাকার আব্দুস ছত্তার গাজী (৬৫), সেকান্দার হাওলাদার (৬৭৫), পূর্ব হবিনগর এলাকার আহম্মাদুল বাদশা (৩২), দক্ষিণ চরআইচা এলাকর মনির হাওলাদার (৩০), আল আমিন গাজী (৩৫), চরআইচা এলাকার মো. স্বপন হাওলাদার (২৮) ও সুজন কুমার বেপারী (২৭), চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা এলাকার খোকন বিশ্বাস (২৭), সাপানিয়া এলাকার মো. সাদ্দাম সরদার (২৫), লিটন ভূইয়া (২৮), চরবাড়িয়া এলাকার মো. কালাম হাওলাদার (৩৮) এবং রাঢ়ীমহল এলাকার মো. মোতালেব হাওলাদার (৩০)। আটককৃতের মধ্যে খোকন বিশ্বাস (২৭), মো. সাদ্দাম সরদার (২৫) ও লিটন ভূইয়া (২৮) জাটকা পরিবহনের কাজে ব্যবহৃত থ্রি-হুইলারের চালক।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর নৌথানার উপপরিদর্শক (এসআই) অলক চৌধুরী জানান, অভিযানে জব্দ জাটকাগুলো উপজেলা মৎস কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া আটককৃতদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।

আকতার ফারুক শাহিন, বরিশাল