গোপালগঞ্জে টেম্পো স্ট্যান্ডের আধিপত্য নিয়ে দুইপক্ষের সংঘর্ষ
গোপালগঞ্জ শহরের কাঁচাবাজারের টেম্পো স্ট্যান্ডের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘোষেরচর গ্রামের দুইপক্ষের সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। এ সময় কমপক্ষে তিনটি বাড়ি ও চারটি দোকানঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ২২ জনকে আটক করেছে পুলিশ।
আহত ১৭ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ও অন্যদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, সংঘর্ষ ঠেকাতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ১৫ রাউন্ড শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, গোপালগঞ্জ শহরের কাঁচাবাজার এলাকার টেম্পোস্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘোষেরচর উত্তরপাড়ার বাসিন্দা সুজন শেখ ও সেন্টু শেখের মধ্যে বিরোধ চলে আসছিল। তিন দিন ধরে চলমান বিরোধ তুঙ্গে ওঠে। আজ রোববার সকালে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় পুলিশ সেন্টু শেখ, মানিক কাজীসহ চারজনকে আটক করে। এরই জের ধরে উভয়পক্ষ বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ধাওয়া-পালটা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় প্রথমে স্বল্প সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে প্রায় অর্ধশত পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও শটগানের গুলি ছুড়ে বিকেল ৫টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ