আত্মসমর্পণকারী চরমপন্থিদের অনেকে সশস্ত্র রূপে ফিরেছে :র্যাব
বিভিন্ন সময়ে আত্মসমর্পণকারী চরমপন্থিরা অনেকেই সশস্ত্র অবস্থায় ফিরছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন র্যাব-১২ এর অধিনায়ক আতিকুর রহমান মিয়া।
আতিকুর রহমান বলেন, চব্বিশের আন্দোলনে সরকার পতনের পর বিভিন্ন এলাকার চরমপন্থিরা আবার আগের রূপে প্রকাশ্যে আসতে শুরু করেছে। চর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে চরমপন্থিরা আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে, যারা এর আগে আত্মসমর্পণ করে পুনর্বাসন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত ছিল। এদের ব্যাপারে র্যাব কঠোর অবস্থানে রয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ইন্তেখাব চৌধুরী বলেন, সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় অভিযান চালিয়ে রাকিব রানা (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করে চারটি রাইফেল, পাঁচটি একনালা বন্দুক, দুটি শটগান, একটি পিস্তলসহ ১২টি আগ্নেয়াস্ত্র ও ৮৯৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ইন্তেখাব চৌধুরী বলেন, রাকিব রানার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে রাজধানীর আদাবরের শেখেরটেকে অভিযান চালিয়ে আলমগীর ওরফে শ্যুটার আলমগীরকে একটি প্রাইভেট কারসহ গ্রেপ্তার করা হয়। এসব অস্ত্র চরমপন্থিদের জন্য সংগ্রহ করা হয়েছিল।
ইন্তেখাব চৌধুরী আরও বলেন, রাকিব রানার বিরুদ্ধে পাবনা সদর থানায় হত্যা, প্রতারণাসহ তিনটি এবং আলমগীরের বিরুদ্ধে একই থানায় হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক