ফায়ার সার্ভিসের কর্মীকে ধাক্কা ও পাইপলাইন ভাঙার অভিযোগ পিআইওর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি ও প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত অগ্নিনির্বাপণ মহড়ায় ফায়ার সার্ভিসের এক কর্মীকে ধাক্কা দেওয়া এবং মহড়ার সরঞ্জাম ভাঙচুর করার অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারের বিরুদ্ধে। মঙ্গলবার (১০ মার্চ) জনসমক্ষে ঘটা এই নজিরবিহীন ঘটনায় উপজেলাজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
সরেজমিনে জানা গেছে, দিবসটি উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ড মোকাবিলায় জনসচেতনতামূলক মহড়া পরিচালনা করছিলেন। এ সময় পিআইও নুরুন্নবী হঠাৎ ক্ষিপ্ত হয়ে এক ফায়ার সার্ভিস কর্মীকে ধাক্কা দেন এবং মহড়ায় ব্যবহৃত ব্রাশ পাইপ লাইনটি হাত দিয়ে সজোরে আঘাত করে ভেঙে ফেলেন। এতে উপস্থিত দর্শক ও ফায়ার সার্ভিস কর্মীদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয় এবং মহড়া কার্যক্রম পণ্ড হয়ে যায়।
রানীশংকৈল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোনায়েম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমাদের কর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারতেন। কিন্তু সরাসরি কর্মীর গায়ে হাত তোলা এবং সরকারি সরঞ্জাম ভেঙে ফেলা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মৌখিকভাবে জানিয়েছি।’
রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম জানান, তিনি মৌখিক অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।
অভিযুক্ত পিআইও নুরুন্নবী সরকারের বিষয়ে জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানান, তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়টি ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
ঘটনার বিষয়ে অভিযুক্ত পিআইও নুরুন্নবীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পিআইও নুরুন্নবী সরকারের বিরুদ্ধে এর আগেও নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি রানীশংকৈলের চার সাংবাদিকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের এবং এক ইউপি সদস্যকে মাটিতে পুঁতে ফেলার হুমকি দিয়ে আলোচনায় এসেছিলেন। এ ছাড়া তার সাবেক কর্মস্থলেও দুর্নীতির অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে।

এস কে সুজন, ঠাকুরগাঁও (পীরগঞ্জ-রানীশংকৈল)