গাজীপুরে লুটের মালামালসহ ৩ জন গ্রেপ্তার
গাজীপুরের কাশিমপুরে গৃহকর্ত্রীকে কুপিয়ে মালামাল লুটের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশি অস্ত্রসহ লুটের মোটরসাইকেল, মোবাইলফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, তারা আন্তজেলা ডাকাতদলের সদস্য।
আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার আশুলিয়া ও কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নড়াইলের নড়াগতি থানার কলাবাড়িয়া এলাকার তাজুল চৌধুরীর ছেলে সাদ্দাম হোসেন (২৪), নোয়াখালীর বেগমগঞ্জ থানার রাজাপুর এলাকার আলমগীরের ছেলে আসিফ (১৫) ও খুলনার তেরখাদা থানার আদালতপুর এলাকার রবিউল কাজীর ছেলে আশিক (২১)।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, ‘গত শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে মহানগরীর কাশিমপুর থানাধীন লতিফপুরের স্কুল মোড় এলাকার নির্মাণাধীন বাড়িতে তিন মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন মোর্শেদা খাতুন (৪২)। গভীর রাতে সাত-আটজনের একদল ডাকাত ওই বাড়িতে হানা দেয়। তারা শাবল দিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে মালামাল লুট করতে থাকে। এ সময় বাধা দিলে ডাকাতেরা গৃহকর্ত্রী মোর্শেদাকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে ডাকাতেরা মোবাইল ফোন, নগদ টাকা ও একটি মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার রাতে গৃহকর্তা শফিকুল ইসলাম তার কর্মস্থল বেক্সিমকো কারখানায় ছিলেন।’
ওসি জানান, ডাকাতির এ ঘটনায় গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) কাশিমপুর থানায় মামলা দায়ের করেন মোর্শেদা। এরপর পুলিশ বৃহস্পতিবার ঢাকার আশুলিয়া ও কামরাঙ্গীর চর থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ওই তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে লুটের একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল এবং ডাকাতির কাজে ব্যবহৃত দুটি চাকু উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নাসির আহমেদ, গাজীপুর