সিসিটিভি ফুটেজ দেখে নকলচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী
বরিশালে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নকলের উদ্দেশ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের একটি মব সৃষ্টি করা হয়েছিল। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলন।
গতকাল শনিবার (১১ জুলাই) বিকেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, অতীতে দেশের অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে সেখানেই স্থায়ীভাবে থেকে যেতেন। তবে বর্তমান সরকার উচ্চশিক্ষা শেষে তাদের দেশে ফিরিয়ে এনে কর্মসংস্থান ও গবেষণার সুযোগ সৃষ্টি করছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়াসহ শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা।

নাসির আহমেদ, গাজীপুর