কুমিল্লায় ব্যবসায়ীকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় মোহাম্মদপুর বাজারে স্টুডিও ব্যবসায়ী নারায়ণ চন্দ্র পালকে হত্যার দায়ে ফিরোজ সরকার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারত নাছরিন জাহান এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফিরোজ বাউরা গ্রামের মৃত শব্দর আলী সরকারের ছেলে।
নিহত নারায়ণ চন্দ্র পাল উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত সুরেশ চন্দ্র পালের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর উপজেলার মোহাম্মদপুর বাজারে ব্যবসায়িক জটিলতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে সুমা ডিজিটাল স্টুডিওর মালিক নারায়ণ চন্দ্র পালকে হাত পা বেঁধে ছুরিকাঘাতে হত্যা করেন ফিরোজ সরকার। পরের দিন সকালে পুলিশ খবর পেয়ে নারায়ণ চন্দ্র পালের রক্তাক্ত মরদেহ স্টুডিওর ভেতর থেকে উদ্ধার করে।
এ ঘটনায় নিহত নারায়ণের ভাই দুলাল চন্দ্র পাল বাদী হয়ে দেবীদ্বার থানায় একটি হত্যা মামলা করেন। পরের দিন পুলিশ আসামি ফিরোজ সরকারকে গ্রেপ্তার করে।
মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষে আইনজীবী নূরুল ইসলাম ও আসামিপক্ষে জয়দেব চন্দ্র সাহা ও মো. ইলিয়াছ মিন্টু।
আসামি ফিরোজকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী নূরুল ইসলাম।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা