আসামির হামলায় এসআই আহত
ব্রাহ্মণবাড়িয়ায় এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (৫ এপ্রিল) রাতে শহরের রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, আজ রাতে শহরের উত্তর মৌড়াইল এলাকার মাদক, ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলার আসামি ইয়াছিনকে গ্রেপ্তার করতে রেলস্টেশনে অভিযান চালায় পুলিশ। এ সময় স্টেশনের পাশে একটি চায়ের দোকানে থাকা ইয়াছিন তাঁর হাতের চায়ের কাপ দিয়ে উপপরিদর্শক সাইফুলের মাথায় আঘাত করে পালিয়ে যান।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, পরে পুলিশ ও স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রয়েছেন। পলাতক ইয়াছিনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া