যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপর হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট
যুক্তরাষ্ট্রের বাহিনীর বিরুদ্ধে স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান।
গতকাল শনিবার (২৮ নভেম্বর) ওয়াশিংটন পোস্টের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনবিসি।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলার পর মার্কিন বাহিনীর ওপর হামলায় স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান।
কোম্পানির অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত এমন দুই জনের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, স্টারলিংকের দুটি অননুমোদিত ব্যবহারের বিষয়ে জানতে পেরে স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক ক্ষুব্ধ হন। তার কর্মীরা মনে করেন ঘটনা দুটি যুক্তরাষ্ট্রের বাহিনীর বিরুদ্ধে ইরানের তৎপরতার সঙ্গে সম্পর্কিত।
ওই ব্যক্তিদের একজন ওয়াশিংটন পোস্টকে জানান, স্টারলিংকের সামরিক সংস্করণ স্টারশিল্ড ব্যবহার করে মার্কিন সেনাবাহিনী একমুখী হামলায় ব্যবহৃত ড্রোন পরিচালনা করেছে। তবে এ ক্ষেত্রে স্থল অভিযানের জন্য নির্ধারিত তুলনামূলক কম খরচের প্যাকেজ ব্যবহার করা হয়েছিল।
এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে রয়টার্সের করা অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি স্পেসএক্স ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পাঠানো একটি গোপন প্রতিবেদনে ইরানের সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে দাবি করেছে, প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে এ বিষয়ে কোনো প্রতিবেদন জমা পড়েছে বলে তাদের জানা নেই।
ইউক্রেন ও ইরানে চলমান যুদ্ধের মধ্যে ভূরাজনৈতিক সংঘাতপূর্ণ এলাকায় স্টারলিংকের ব্যবহার, এর ওপর মার্কিন সরকারের নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞার আওতায় থাকা বিভিন্ন পক্ষের অবৈধ ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ইরানে স্টারলিংক পরিচালনার লাইসেন্স না থাকলেও মাস্ক আগে জানিয়েছিলেন, দেশটিতে এ সেবা চালু রয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে দেশজুড়ে প্রাণঘাতী বিক্ষোভসহ অস্থিরতার মধ্যে ইরানি কর্তৃপক্ষ সাধারণ মানুষের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর মার্কিন সরকার গোপনে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল ইরানে পাঠায়।
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানি কর্তৃপক্ষ ইন্টারনেট সংযোগের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

এনটিভি অনলাইন ডেস্ক